
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||
বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল এবং চাইনিজ কুড়াল, হাসুয়াসহ দেশীয় অস্ত্রের বড়সড় মজুতসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই মোঃ ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকার ‘আলিফ লাম মিম’ ছাত্রাবাসের কক্ষ এবং পার্শ্ববর্তী একটি ইউক্যালিপটাস বাগান থেকে মাদক ও অস্ত্রসহ আলামিনকে (২১) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিন ওই এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে।
অভিযানকালে আসামির হেফাজত থেকে যুবসমাজ ধ্বংসকারী ১৪ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিশেষ মাস্ক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত কুখ্যাত এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
