Wednesday, October 14

প্রথম ধাপে ৮শ ইউপিতে ভোট আগামী ২১ জানুয়ারি, প্রভাব বিস্তারে প্রার্থিতা বাতিলের নির্দেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

আগামী বছরের ২৭ মে-এর মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রভাব বিস্তার, পেশিশক্তির ব্যবহার ও যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে কমিশন অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, আইন ও আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণত প্রতিটি ধাপে ভোটগ্রহণের প্রায় ৪২ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তদারকি সহজতর করতে প্রথমে জেলা সদর ও পরবর্তীতে উপজেলা সদরের কাছাকাছি ইউনিয়নগুলোতে ভোট করা হবে।

সংশোধিত স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন বিধিমালা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি ও পর্যবেক্ষকদের কাজে বাধা প্রদান কিংবা ভোটারদের ভয়ভীতি দেখালে অনধিক ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া কোনো কেন্দ্রে অনিয়ম ও বলপ্রয়োগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কেন্দ্র বা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিতসহ পুনরায় ভোটগ্রহণের নির্দেশনা প্রদান করবে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *