বুধবার, এপ্রিল ২২

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

|| নিজস্ব প্রতিবেদক ||

জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার কর্তৃক নির্ধারিত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন আসার আগ পর্যন্ত প্রতিটি পরিবহনকে বর্তমান ভাড়ার তালিকা বা চার্ট অনুসরণ করতে হবে। কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মালিক সমিতি।

এর আগে, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে ডিজেল, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে সরকার, যা গত রবিবার থেকে কার্যকর হয়েছে। তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে রবিবার রাতেই বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভাড়ার একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ভাড়ার তালিকাটি বর্তমানে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পরই কেবল নতুন ভাড়া কার্যকর হবে। ততদিন পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখতে এবং জনভোগান্তি এড়াতে বিদ্যমান ভাড়ায় বাস চালানোর অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *