Wednesday, November 18

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

|| নিজস্ব প্রতিবেদক ||

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান মুদ্রাস্ফীতি বিবেচনা করে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় এ প্রস্তাব দেওয়া হয়।

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে তিনটি ভিন্ন স্তরে সম্ভাব্য মজুরির হিসাব তুলে ধরা হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা হতে হবে; তবে এতে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না। দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম খরচ মেটাতে প্রতি আয়কারীকে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা আয় করতে হবে। তৃতীয়ত, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাসহ অন্যান্য মৌলিক প্রয়োজন মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে একটি সম্মানজনক জীবনযাপনের জন্য চার সদস্যের পরিবারের একজন কর্মীর ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন।

ব্রিফিংয়ে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সিপিডির পক্ষ থেকে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে মজুরি নির্ধারণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত এবং প্রমাণের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের পর ২০২৬ সালের অক্টোবরে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন। পরবর্তীতে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করলে শ্রমিক পক্ষ থেকে ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়; তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো অপেক্ষাধীন। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট এবং বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে অতিরিক্ত মজুরির বোঝা বহন করা কঠিন বলে মালিকপক্ষ জানিয়েছে।

পোশাক খাতে স্থায়ী শান্তি ও প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে সিপিডি বেশ কিছু সুপারিশ পেশ করেছে। এর মধ্যে রয়েছে—মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা, আবেগ বা চাপভিত্তিক দরকষাকষির বদলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঠিক উপাত্ত ও শ্রমিক পরিবারের প্রকৃত আকার বিবেচনা করা, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় উল্লিখিত ১১টি মানদণ্ডের সুনির্দিষ্ট পরিমাপক তৈরি করা এবং আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য প্রদানের পাশাপাশি সোর্সিং নীতিতে পরিবর্তন আনা।

এ ছাড়া ২০২৯ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান বাজারগুলোতে টিকে থাকতে এবং জিএসপি প্লাস সুবিধা পেতে কারখানায় শোভন কাজ ও ‘লিভিং ওয়েজ’ নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *