Sunday, October 4

নাগেশ্বরীতে বিজিবির অভিযানে পিস্তল ও আইসসহ ৫ কোটি টাকার বেশি মালামাল জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

গত শনিবার (৩ অক্টোবর ২০২৬) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে উপজেলার রামখানা ইউনিয়নের সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় চেক পয়েন্ট স্থাপন করে বিশেষ টহল দল। অভিযানের একপর্যায়ে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারত সীমান্ত থেকে আগত চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা যাচাইয়ের জন্য নমুনা ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *