Friday, August 14

নাগেশ্বরীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ।

উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান ও সদস্য মো. মাহফুজার রহমান আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব, নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কাশেম সরকার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ডা. ইউনুছ।

সভায় নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন রামখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সবুর বিএসসি, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মালেক মন্ডল, নুনখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম খান ও ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবুল হোসেন।

বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিত করার ওপর জোর দেন। সভা শেষে নেতৃবৃন্দ নাগেশ্বরী উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *