
|| আলোকিত দৈনিক ||
আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। গতকাল রবিবার (৩১ মে) থেকেই এই ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে পবিত্র মক্কায় প্রবেশ, ওমরাহ পারমিট সংগ্রহ ও বুকিংসহ তীর্থযাত্রা-সংক্রান্ত যাবতীয় সেবা ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk)-এর মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ সোমবার (১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের হজ সমাপ্তির পর ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই বিদেশি মুসল্লিরা ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের মূল প্রক্রিয়া শুরু করতে পারবেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) পর্যন্ত নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু করা হবে। ভিসা পাওয়ার পর তীর্থযাত্রীরা ২০২৩ সালের ২৩ মার্চ পর্যন্ত সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। তবে ওমরাহ পালন শেষে সব বিদেশি যাত্রীকে অবশ্যই আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করতে ডিজিটাল রূপান্তর জোরদার করেছে সৌদি প্রশাসন। এর অংশ হিসেবে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোডভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মটি এখন আবাসন, পরিবহন ও অনুমতিপত্রসহ সব সেবার সমন্বিত ডিজিটাল প্রবেশদ্বার হিসেবে কাজ করছে।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ‘সৌদি ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান তীর্থযাত্রীর চাপ সামাল দিতে এবং আতিথেয়তার মান বাড়াতে দেশটির পরিবহন ও আবাসন অবকাঠামো ব্যাপকভাবে সম্প্রসারণ করা হচ্ছে।
