
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। তিনি বলেন, স্বৈরাচারী মানসিকতা, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেশের স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
শনিবার (২৫ জুলাই) বাদ আসর রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়মিত মাসিক ‘মজলিসে আমল’-এ সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, “রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী নানা সিদ্ধান্ত জনগণকে শঙ্কিত করে তুলছে। বিশেষ করে মাদ্রাসার কোমলমতি ছাত্রীদের জন্য ফুটবল দল গঠনের সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধের স্পষ্ট পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত সামাজিক বিশৃঙ্খলা তৈরি করছে এবং দেশকে অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অধ্যাপক এরশাদ উল্যাহ বলেন, “স্বৈরাচারের সহযোগী ও দোসরদের প্রেতাত্মা এখনো সক্রিয় রয়েছে। তাদের প্রতিহত করতে আমাদের সকল পর্যায়ে সুসংগঠিতভাবে কাজ করতে হবে।” এ সময় অন্য কোনো ইসলামী সংগঠনের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য বা কাদা ছোঁড়াছুঁড়ি থেকে বিরত থেকে ইতিবাচক দাওয়াতের মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বর্তমান ইরান সংকট মূলত মুসলিম ও কাফেরদের লড়াই। এই প্রেক্ষাপটে কোনো দ্বিধা না রেখে আমাদের অবশ্যই ইরানের পক্ষে অবস্থান নিতে হবে এবং মুসলিম বিশ্বের ঐক্য রক্ষা করতে হবে।”
সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানের সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিগত মাসের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোকপাত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীরদ্বয়—মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন ও অধ্যাপক মুহাম্মদ মুহিব্বুল্লাহ নাসির। এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারীদ্বয় মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এফ এম আলী হায়দার, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, অফিস সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু ত্বহা মো. নুরুল্লাহ, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম ও মাওলানা আব্দুল কাদিরসহ কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
