
|| নিজস্ব প্রতিবেদক ||
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, বরং নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। উপযুক্ত সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
বক্তব্যে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় সহায়তার অভাবে যাতে কোনো তরুণদের উদ্ভাবনী শক্তি হারিয়ে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
