
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে চলছে। আজ ২৫ এপ্রিল শনিবার কোনো তাত্ত্বিক পরীক্ষা না থাকলেও আগামীকাল রবিবার অনুষ্ঠিতব্য ইংরেজি ১ম পত্রের গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এবারের পরীক্ষায় তাড়াইল উপজেলার ৩টি কেন্দ্রে মোট ১ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দায়িত্বপ্রাপ্ত একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন জানান, এ বছর উপজেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৮ জন এসএসসি, ৩৫২ জন দাখিল ও ১০৩ জন শিক্ষার্থী ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় ও সহিলাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। গত ২১ ও ২৩ এপ্রিল যথাক্রমে বাংলা ১ম ও ২য় পত্র পরীক্ষা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত (ওসি) পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি হলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্র এলাকায় চলাচলে সার্বিক সহযোগিতা করছে পুলিশ। বিশেষ করে কেন্দ্র সংলগ্ন রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।
এদিকে শুরু থেকেই নকলমুক্ত ও মানসম্মত পরীক্ষা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে উপজেলা প্রশাসন। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরা দ্বারা নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে এবং কেন্দ্র সচিবদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও সচল রেখেছেন। প্রশাসনের এমন কঠোর নজরদারিতে মেধা যাচাইয়ের এই লড়াইয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।
