শনিবার, মে ১৬

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি: হুইপ বকুল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার তরুণ সমাজকে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর স্বপ্ন বাস্তবায়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের যুবসমাজকে সুশিক্ষিত, মানবিক ও প্রযুক্তিদক্ষ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, মেধা ও যোগ্যতার মাধ্যমে তরুণরাই বিশ্ব দরবারে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।

শনিবার (১৬ মে) সকালে সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স–এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মাদক ও হতাশার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন। তিনি বলেন, “বর্তমান সময়ে নানা অপশক্তি যুবসমাজকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। খেলাধুলাই পারে তরুণদের সেই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে।”

তিনি আরও বলেন, খুলনার প্রতিটি তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের বিজয় পতাকা দেখতে চায় সরকার। তরুণদের চোখে হতাশা নয়, সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চাওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল্লাহ্ হারুন। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, তাদের জন্য খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করাও জরুরি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ হুরে জান্নাত এবং মোহাম্মদ জাহিদুল হাসান। তারা খুলনাসহ পুরো বিভাগকে মাদক ও অপরাধমুক্ত রাখতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা হাজারো তরুণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বর্ণিল বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই মাদক, বৈষম্য ও হিংসামুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণ ক্রীড়াবিদরা সমাজ থেকে মাদক ও বিদ্বেষ দূর করার শপথ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *