Tuesday, July 14

ঢাবিতে ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ১৫ এপ্রিল

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেড (এপিএল)-এর যৌথ উদ্যোগে মোহাম্মদ আবদুল হাই রচিত ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাক্তন উপাচার্য এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমিয়া পাবলিশিং হাউসের ব্যবস্থাপনা পরিচালক ড. এম আবদুল আজিজ। অধ্যাপক ড. আবদুস সবুর খানের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নূরে আলম। এছাড়াও অন্যান্য আলোচকবৃন্দ এতে অংশ নেবেন।

বঙ্গে ফারসি ভাষার বিবর্তন ও সাহিত্য চর্চার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি গবেষক ও পাঠকদের মাঝে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজক প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *