
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার দীর্ঘদিনের বর্ষীয়ান দায়িত্বশীল ডা. মাওলানা একেএম ফজলুর রহমান আর নেই। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে ইসলামী ঐক্য আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছেন এবং পঞ্চগড় জেলা শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের সারাজীবনের নেক আমল ও দ্বীনি খেদমতগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসীব করুন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন নীলফামারী জেলা শাখার আমীর মাওলানা আহমাদ আলী শাহ ও সাধারণ সম্পাদক মাওলানা মাহতাব উদ্দিন আজাদী। এছাড়া পঞ্চগড় জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের জিহাদী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আসাদুল্লাহিল গালিব গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সমবেদনা জানান ও সার্বিক খোঁজখবর নেন।
