
|| নিজস্ব প্রতিবেদক ||
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল সাড়ে ৯টায় তিন দিনব্যাপী এই আয়োজন ও প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, উদ্যোক্তা ও খামারিদের অংশগ্রহণে শতাধিক স্টল ও প্যাভিলিয়ন স্থান পাচ্ছে। এর মধ্যে ‘মে-ও ট্রান্সপারেন্ট কর্পোরেশন’ ও ‘ওরিড ট্রেড ইন্টারন্যাশনাল (স্মার্টহার্ট)’-এর যৌথ অংশগ্রহণে ০১ ও ০২ নম্বর স্টল পাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধিতে টেকসই খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানিতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে খামারি ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি এবং শিক্ষিত যুবসমাজ ও নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
এ ছাড়া প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে জাতীয়ভাবে সম্মাননা জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান; যার মধ্যে ৮টি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশ ও আন্তর্জাতিক বাজারে প্রাণিজাত পণ্য রপ্তানির নতুন সম্ভাবনা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
