Sunday, November 15

জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক

|| জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||

‘আজীবনের বন্ধন প্রাণে প্রাণে স্পন্দন’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন, প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ তাঁর জীবনের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান। স্নাতকোত্তর শেষ করার পর সহপাঠীদের সঙ্গে স্টাডি ট্যুরের স্মৃতি তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটি। অর্থনীতি বিভাগ ও শিক্ষকদের কাছ থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অ্যালামনাইয়ের বন্ধন শুধু স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে নিতে হবে। বক্তব্য সংক্ষিপ্ত করে তিনি সহপাঠীদের মাঝে নেমে আসেন এবং পুরোনো স্মৃতি রোমন্থন ও ফটোসেশনে অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন বলেন, একটি বিভাগের শক্তি ও সক্ষমতার অন্যতম মানদণ্ড হলো অ্যালামনাই। দেশ-বিদেশে বিভাগের সাবেক শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও গবেষণায় অ্যালামনাই সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক মো. জহিরুল ইসলাম সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সল আহমেদ সজলের নাম ঘোষণা করে সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি বিভাগের নিয়মিত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার দেওয়া হয়।

দীর্ঘদিন পর ক্যাম্পাসে পুরোনো বন্ধু ও সহপাঠীদের পেয়ে সাবেক শিক্ষার্থীরা কুশল বিনিময়, স্মৃতিচারণা ও সেলফিতে মেতে ওঠেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *