Friday, October 16

চিলমারীতে কলেজ মাঠে পশুর হাট: ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে “গেটের তালা ভেঙে সরকারি কলেজ মাঠে পশুর হাট” শিরোনামে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ মে) বিকেল ৪টায় প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন থানাহাট বাজারের ইজারাদার জিহাদ ফেরদৌস চমক। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও নিউজ পোর্টালে তাঁকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।

লিখিত বক্তব্যে ইজারাদার দাবি করেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসন, থানা পুলিশ ও কলেজ কর্তৃপক্ষসহ কুড়িগ্রাম জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম মোতাবেক অনুমতি নিয়েই এই হাটের ব্যবস্থা করা হয়েছে। তিনি সরকারি রাজস্বখাতে জেলা প্রশাসক বরাবর নির্ধারিত ৫০ হাজার টাকা ফি জমা দিয়ে পশুর হাট বসানোর বৈধ অনুমোদন নিয়েছেন। এছাড়া স্থানীয় ঐতিহ্য ও সর্বস্তরের জনগণের পরামর্শের ভিত্তিতে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে এই অস্থায়ী হাটের আয়োজন করা হয়েছে। একটি মহল ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে তাঁকে কলঙ্কিত করতেই ‘তালা ভাঙার’ অপবাদ দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, চিলমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবল হায়দার চৌধুরী জানান, কলেজ কর্তৃপক্ষ মাঠে হাট বসানোর কোনো অনুমতি দেয়নি এবং এই বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তবে হাট বসালেও তাঁরা কোনো বাধা সৃষ্টি করবেন না। উল্লেখ্য, উক্ত অধ্যক্ষের বিরুদ্ধেও স্থানীয়দের মাঝে খেলার মাঠ বন্ধ রাখা, খেলাধুলা করতে না দেওয়া এবং সরকারিভাবে বাসাভাড়া নিয়ে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কক্ষে বসবাস করার মতো নানা অভিযোগ রয়েছে। এই বিষয়ে বক্তব্য জানতে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ সম্মেলনের শেষে ইজারাদার জিহাদ ফেরদৌস চমক পবিত্র ঈদুল আজহার জনস্বার্থ বিবেচনা করে এবং বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক অস্থায়ী পশুর হাটটি সুচারুভাবে বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *