
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে ঢাকা সময় রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
২৬ থেকে ২৯ অক্টোবরের এই গুরুত্বপূর্ণ সফরে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বাণিজ্যিক সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরে প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। প্রতিনিধি দলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমানসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) কার্যকর বাস্তবায়ন এবং জাপানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি প্রাধান্য পাবে। এ ছাড়া সফরকালে কৃষি, মৎস্য, বেসামরিক বিমান চলাচল ও পরিবেশ সংরক্ষণসহ ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি জাইকা (JICA), জেবিআইসি (JBIC) ও জেট্রোর (JETRO) প্রধান নির্বাহী এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে তিনি চিবা অঞ্চলের একটি এলএনজি টার্মিনাল, ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়ায় টয়োটা কারখানা পরিদর্শন করবেন। আগামী ২৯ অক্টোবর সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
