Thursday, August 20

গাজীপুরে মসজিদে তালা মারার হুমকি নিয়ে নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা

|| গাজীপুর প্রতিনিধি ||

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গুটিয়া গ্রামে মসজিদের কমিটিতে পদ না পেয়ে তালা মারার হুমকি ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শরীফুল ইসলাম এবং তাঁর বাবার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গুটিয়া এলাকায় জালাল ও তার অনুসারীরা এ হামলা চালায়।

হামলায় আহত শরীফুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি অর্জন করে জাতীয় দৈনিকে কাজ করেছেন এবং পরবর্তীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেন। হামলায় শরীফ চোখের গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিজেকে বিএনপি কর্মী দাবি করে এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছে জালাল। গত ৩ জুলাই গুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আহ্বায়ক কমিটির সভায় নিজের নাম না থাকায় গালিগালাজ, নথিপত্র নষ্ট এবং মসজিদে তালা দেওয়ার হুমকি দেয় সে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং শরীফুল ইসলাম গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, জালালের বিরুদ্ধে টঙ্গীর বিতর্কিত প্রয়াত শীর্ষ সন্ত্রাসী আইয়ুবের পরিবারের রাজনৈতিক প্রভাব ও অপকর্মের উত্তরাধিকার বহন করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্কুলের অভিভাবক কমিটির পদ জোরপূর্বক দখলের চেষ্টা, প্রতিপক্ষকে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি ও নানা চাঁদাবাজির কারণে অতিষ্ঠ পুরো গ্রামবাসী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত জালাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *