
|| আন্তর্জাতিক ডেস্ক ||
কানাডার আলবার্টা প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি ওয়েইনরাইটে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শনিবার সংঘটিত এই দুর্ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা না হলেও প্রাদেশিক রাজধানী এডমন্টনের চিকিৎসাব্যবস্থায় ‘কোড অরেঞ্জ’ জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি একে একটি ‘চলমান ও স্পর্শকাতর’ পরিস্থিতি উল্লেখ করে বলেন, ঘাঁটিতে ঘটে যাওয়া একটি গুরুতর ঘটনার জেরে এই অগ্নিকাণ্ড ও প্রাণহানির সূত্রপাত হয়। প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে নিশ্চিত করেছেন। আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ এই দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে জানান, এতে অনেক সাহসী সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রবল বাতাসের কারণে ঘাঁটিটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অতিরিক্ত রোগীর চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে আহতদের এডমন্টনের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ারেন থিরস্ক একে দীর্ঘ সময়ের মধ্যে অন্যতম বড় চিকিৎসাগত জরুরি পরিস্থিতি হিসেবে অভিহিত করেছেন।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। স্থানীয় প্রশাসন কোনো এলাকা খালি করার নির্দেশ না দিলেও বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং সড়কগুলো ফাঁকা রাখতে অনুরোধ জানিয়েছে। ঘটনাটির কারণ উদঘাটনে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত শুরু হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
