Thursday, November 19

‘এখনো বিশ্বাস করি, ম্যাচ বাঁচাতে পারব’: হাসান মাহমুদ

|| স্পোর্টস ডেস্ক ||

প্রথম ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর নজিরই জোহানেসবার্গ টেস্টের শেষ দিনে বাংলাদেশের বড় ভরসা। তবে দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি আরও কঠিন; ইনিংস হার এড়াতেই হাতে থাকা পাঁচ উইকেট নিয়ে করতে হবে আরও ৫৭ রান। এমন চ্যালেঞ্জিং অবস্থায়ও হাল ছাড়ছেন না পেসার হাসান মাহমুদ। তাঁর বিশ্বাস, উইকেটে টিকে থেকে কয়েকটি বড় জুটি গড়তে পারলে এখনো ম্যাচ বাঁচানো সম্ভব।

ওয়ান্ডারার্সে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সামনে সমীকরণটা বেশ কঠিন। প্রথম ইনিংসে ৪০০ রান করেও দক্ষিণ আফ্রিকার লিড ঠেকানো যায়নি; প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নেয় স্বাগতিকরা।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের পেসের সঙ্গে সাইমন হার্মারের স্পিন সামলাতে পারেননি টাইগার ব্যাটাররা। দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ১০০ রান।

ফলে শেষ দিনে ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে নামতে হবে লিটন দাস ও মুশফিকুর রহিমকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটনের সঙ্গে মুশফিকের ওপরই এখন বড় দায়িত্ব। তাঁদের পর স্বীকৃত ব্যাটার না থাকায় প্রতিটি জুটিই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দিন শেষে সংবাদ সম্মেলনে হাসানও স্বীকার করেছেন, দক্ষিণ আফ্রিকার টেইলএন্ডারদের দ্রুত ফেরাতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে। তবে শেষ দিনের জন্য তাঁর বার্তা পরিষ্কার—উইকেটে টিকে থাকতে হবে এবং বড় জুটি গড়তে হবে।

হাসান বলেন, ‘ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান খরচ হয়ে গেছে। চেষ্টা করছিলাম, এক জায়গায় বোলিং করে যাব, নিয়ন্ত্রিত বোলিং করব। কিন্তু জানি না, যে কোনো কারণে হয়নি সেটা। ওরকম চাপ তৈরি করতে পারিনি টেইলএন্ডারদের। তারপর ওরা ভালো একটা স্কোর করে।’

এই পেসার আরও বলেন, ‘আমরা যখন আবার ব্যাটিংয়ে নামি, দ্রুত উইকেট পড়ে যায়। এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া উপায় নেই। কালকে যদি আমরা দুই-তিনটা জুটি বা ভালো একটা দিন শেষ করতে পারি… ব্যাটসম্যানরা অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে, যতক্ষণ ধরে রাখতে পারি আরকি।’

বাংলাদেশের প্রথম ইনিংস অবশ্য হাসানের এই বিশ্বাসের পেছনে যথেষ্ট যুক্তি জোগাচ্ছে। প্রথম ইনিংসে ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল দল। পরে ১২১ রানে পঞ্চম উইকেট হারালেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৪০০ রান পর্যন্ত পৌঁছায় তারা। সেই লড়াইয়ের পুনরাবৃত্তিই এখন চান হাসান।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে বলব, আমি মন থেকে বিশ্বাস করি, (ম্যাচ বাঁচাতে) পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রানের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল, ওই অবস্থা থেকে আমরা ৪০০ করেছি। তো আমার এখনো বিশ্বাস হয় যে, আমরা যদি জুটি করতে পারি, ভালো একটা জুটি হয়, তাহলে সামাল দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *