Monday, July 27

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এর মাধ্যমে তিনি বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০’ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. ইদ্রিস আলীকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

নিয়োগের শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে, তাঁর মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছর। পদে থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন এবং তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন নির্ধারিত দায়িত্ব পালন করবেন; তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. ইদ্রিস আলী ক্যাম্পাসে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইবি শিক্ষক সমিতির সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *