Sunday, October 11

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাইস চ্যান্সেলরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক ঐতিহ্য রক্ষা এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সহযোগিতা কীভাবে কাজে লাগানো যায়—সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে সফরকারী প্রতিনিধিদলের সুনির্দিষ্ট নেতৃবৃন্দসহ শতাধিক অ্যালামনাই প্রতিনিধি এতে অংশ নেন। সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সদস্য সচিব এটিএম শফিকুজ্জামান রাজুসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এরশাদ হোসেন, যুগ্ম-সম্পাদক মির্জা গালিব, সাংগঠনিক সম্পাদক রেজানুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক এস এম সুরোজ ও প্রচার সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ।

সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ক্যাম্পাসের সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থাকার আন্তরিক প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে থাকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে দিনব্যাপী সূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদের কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম এবং সহায়ক, সাধারণ ও টেকনিক্যাল সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অ্যালামনাই নেতৃবৃন্দ। পরবর্তীতে শিক্ষক সংগঠন ইউট্যাব ও জিয়া পরিষদের শিক্ষক ইউনিটের সঙ্গে ইবির একাডেমিক সার্বিক পরিবেশ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিরা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্যের অবাধ প্রবাহ এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক চিত্র তুলে ধরার বিষয়ে সেখানে ফলপ্রসূ আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *