Thursday, November 26

ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না: পরমাণু শক্তি সংস্থার প্রধান

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট। মূলত ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।

ইরানের গিলান প্রদেশের রাশত শহরে নতুন একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরান সরকারের মতে, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিষয়ক গবেষণা ও কৃষিকাজে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। অন্যদিকে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে ইসরায়েলের নিজেরই অঘোষিত পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে এবং দেশটির কাছে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।

এদিকে, গাজার অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা হামাস কর্মকর্তা খালেদ আবু নাদাকে হত্যার প্রশংসা করেছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হন। যুদ্ধ চলাকালে পরিবারটি গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ থেকে বাস্তুচ্যুত হয়ে ওই ভবনে আশ্রয় নিয়েছিল।

টেলিগ্রামে প্রকাশিত ইসরায়েল সরকারের এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে সম্প্রতি চালানো ধারাবাহিক হত্যাকাণ্ডের আরেকটি অংশ এটি। তিনি আরও বলেন, ‘গত এক মাসে হামাসের প্রায় ৮০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আমাদের বাহিনী হিসাব চুকিয়ে যেতে থাকবে। কোনো সন্ত্রাসীই রেহাই পাবে না এবং হামাসের কোনো নেতাই পালাতে পারবেন না।’ উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলো গাজায় চলমান ইসরায়েলি এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে। সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *