সোমবার, জুলাই ১৩

ইরানজুড়ে মার্কিন বাহিনীর বিমান হামলা, নিহত ১

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানজুড়ে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে জোরালো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম আধুনিক অস্ত্র ব্যবহার করে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রেডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ক্ষিপ্রগতির নৌকাসহ কয়েক ডজন লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত ও ইরানের আক্রমণাত্মক সক্ষমতা হ্রাস করতেই যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোনের সাহায্যে এ অভিযান চালানো হয়।

মার্কিন বাহিনী তাদের সর্বশেষ হামলার ধারা শেষ হয়েছে বলে ঘোষণা দিলেও এই হামলায় ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে একজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইরনা।

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জের ধরে চলতি সপ্তাহে শুরু হওয়া এই পাল্টাপাল্টি সংঘাত ক্রমেই তীব্র রূপ নিচ্ছে। নতুন করে তৈরি হওয়া এই উত্তেজনা গত মাসে দুই দেশের মধ্যে সই হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিকে চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে।

এপ্রিল মাস থেকে চলমান যুদ্ধবিরতি প্রায় ভেঙে পড়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, “যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।” তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণা এলেও কূটনৈতিক আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং মধ্যস্থতাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *