বুধবার, জুলাই ১

ইবিতে সিআরসি’র মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) শাখা কর্তৃক আয়োজিত “মৌসুমি ফল উৎসব” সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ এক আনন্দমুখর পরিবেশে পরিণত হয়।

সংগঠনটির কর্মীদের উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, আমড়া, কলা, লটকন ও ড্রাগনসহ হরেক রকমের দেশীয় ও মৌসুমি ফলের পসরা সাজানো হয়।

উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মৌসুমি ফল উৎসব আমাদের দেশীয় ফলের ঐতিহ্য ও পুষ্টিগুণ তুলে ধরার এক অনন্য আয়োজন। সুস্থ জীবন গঠন, দেশীয় ফলের প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং দেশের কৃষির উন্নয়নে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজনের বিষয়ে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখার সভাপতি নাজমুল হাসান বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও আমরা এই ফল উৎসবের আয়োজন করেছি। মূলত সুবিধাবঞ্চিত শিশুদের একটু আনন্দ দেওয়া এবং বছরের এই সুস্বাদু ফলগুলো ওদের সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস। আগামীতেও আমরা এই ধরনের সামাজিক ও মানবিক কাজ অব্যাহত রাখতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *