
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় ও জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইডি) উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর ২০২৬ বিকেলে ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২২৪টি দল নিবন্ধন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। সম্মানিত অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে. জি. এম. শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআইইউর অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে ‘ইকোনথন’ একটি চমৎকার মঞ্চ।” অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম মেধাবী ও উদ্ভাবনী তরুণদের গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য ও প্রমাণের ভিত্তিতে নীতি ও চিন্তাভাবনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সম্মানিত অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, “শিক্ষা পাঠ্যবই ও শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জীবনের অর্থনৈতিক চ্যালেঞ্জে নিজেদের জ্ঞান প্রয়োগ, সমালোচনামূলক চিন্তা এবং উদ্ভাবনী সমাধান তৈরিতে সহায়তা করবে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, “ইকোনথন ২০২৬ শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান ও ব্যবহারিক দক্ষতা গড়ে তোলার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতিচ্ছবি।”
প্রতিযোগিতায় মোট ২ লাখ ৬৫ হাজার টাকা প্রাইজপুলের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘ভিন ভিউ ভিএম’ দল গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ টাকা অর্জন করে। ঢাকা ইউনিভার্সিটির ‘সেপ্টো’ দল প্রথম রানার-আপ হয়ে ৭৫ হাজার টাকা এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ঢাকা ৯৯’ দল দ্বিতীয় রানার-আপ হয়ে ৫০ হাজার টাকা লাভ করে। এছাড়া পিপলস চয়েস দল সাউথইস্ট ইউনিভার্সিটিসহ অন্যান্য অংশগ্রহণকারী দল প্রত্যেকে ২০ হাজার টাকা করে পুরস্কার পায়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটির পাওয়ার স্পন্সর ছিল ইউনাইটেড ফাইন্যান্স, গোল্ড স্পন্সর ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্ল্যাটিনাম স্পন্সর ব্র্যাক ব্যাংক এবং ব্র্যান্ড স্পন্সর হিসেবে ছিল বনফুল ফুডস।
