
|| স্পোর্টস ডেস্ক ||
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এক নতুন অধ্যায় শুরুর লক্ষ্য নিয়ে আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম এই লড়াইয়ে দুই দলই পরিবর্তনের আভাস দিচ্ছে।
দীর্ঘ তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে লিটন দাস ও আফিফ হোসেনের প্রত্যাবর্তনে ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য আনার চেষ্টা করছে স্বাগতিকরা। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলতে পাকিস্তান তাদের ১৫ সদস্যের দলে ছয়জন অনভিষিক্ত খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির অধীনে দলটি তাদের শক্তিশালী পেস আক্রমণকে কাজে লাগিয়ে জয়ের ধারা বজায় রাখতে চায়। মিরপুরের চেনা স্পিন সহায়ক উইকেটে দুই দলের লড়াই জমজমাট হবে বলে আশা করা হচ্ছে, যদিও বিকেলের দিকে অকাল বৃষ্টির কিছুটা শঙ্কা রয়েছে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান সম্ভাব্য একাদশ:
সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও ফয়সাল আকরাম।
