সোমবার, ফেব্রুয়ারি ২

১০ দফা দাবিতে মানিকগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

|| নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) ||

শিক্ষা, চাকরি ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান বৈষম্য নিরসন এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম কারিগর হওয়া সত্ত্বেও ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিশেষ করে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যার ফলে প্রকৌশল খাতে দিন দিন অসন্তোষ বাড়ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই ১০ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও জোরদার কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীদের উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ আসন নিশ্চিত করা, তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলীদের ৯ম গ্রেডে আবেদনের সুযোগ পুনর্বহাল এবং সকল সরকারি সংস্থায় ১০ম গ্রেডের পদে আবেদনের অধিকার নিশ্চিত করা। এছাড়া পরিচয় ব্যবহারের ক্ষেত্রে ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের সমতা প্রতিষ্ঠা, আইইবি ও BAETE-এর একচ্ছত্র নিয়ন্ত্রণ বন্ধ করে সরকারিভাবে কারিকুলাম ও মেম্বারশিপ ব্যবস্থাপনা এবং ক্রেডিট আওয়ারের ভিত্তিতে সার্টিফিকেটের ন্যায্য সমতা নির্ধারণের দাবি জানান তারা।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শেখ মোঃ রোকনুজ্জামান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোঃ ফারুক হোসেন এবং শিক্ষার্থী প্রতিনিধি মোঃ রোমান হোসেনসহ প্রায় অর্ধশতাধিক আন্দোলনকারী। আইডিইবি ও কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *