
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১৪ ডিসেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আব্দুল হান্নানকে আটক করে র্যাব-২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, র্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।
এর আগে সকালে র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। এর মালিক সন্দেহে আটক হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জে।
হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র্যাব।
প্রসঙ্গত, শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
