Thursday, October 1

‎হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু ‎

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

‎মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
‎
‎নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে পারিবারিক সূত্রে জানা যায়।
‎
‎বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎নিহতের ফুপু পারভীন আক্তার জানান, আমার মা অসুস্থ হওয়ায় মাকে দেখার জন্য ভাবির সাথে কক্সবাজার থেকে ২ দিন আগে হরিরামপুরের সট্টি বাড়িতে আসেন। আজ সকালে আমার ছোট্ট ছেলেকে  সাথে নিয়ে ভাতিজি হাটতে হাটতে সট্টি নতুন ব্রিজ সংলগ্ন কুমপাড় আসলে পানিতে ডুবে যায়। পরে আমার ছেলে বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়।
‎
‎নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায়  উদ্ধার করেন। পরে  উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
‎
‎হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান,  আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
‎
‎হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *