সোমবার, এপ্রিল ১৩

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

|| আন্তর্জাতিক ডেস্ক ||

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সমুদ্রপথের ভবিষ্যৎ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংশোধিত প্রস্তাবের ওপর আজ ভোট দেবেন সদস্য রাষ্ট্রগুলো। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় এই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে দুই সপ্তাহ আগে বাহরাইন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল। প্রাথমিক খসড়ায় বল প্রয়োগের অনুমোদনের বিষয়টি থাকলেও সম্ভাব্য ভেটো এড়াতে তা সংশোধন করে কিছুটা শিথিল করা হয়েছে। সর্বশেষ খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং নৌ চলাচলের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের কথা উল্লেখ না থাকলেও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে সমন্বিত প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং প্রয়োজনে এসকর্ট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নৌ চলাচল ব্যাহত হলে নিরাপত্তা পরিষদ ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও রেখেছে।

উল্লেখ্য, এই ভোটাভুটির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফলে আজকের এই ভোটাভুটির ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *