বৃহস্পতিবার, এপ্রিল ২

স্থল অভিযান ইস্যুতে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

|| নিজস্ব প্রতিবেদক ||

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের স্থল অভিযানের দুঃসাহস দেখানো হলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, শত্রুরা যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করে তবে তাদের একজনকেও বেঁচে ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর একটি কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র থেকে দেওয়া অনলাইন ভাষণে তিনি এসব কথা বলেন।

দেশজুড়ে সেনাবাহিনীর স্থল, বিমান প্রতিরক্ষা, বিমান ও নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে দেওয়া ওই ভাষণে মেজর জেনারেল হাতামি বলেন, শত্রুদের যেকোনো প্রতিকূল পদক্ষেপ মোকাবিলায় ইরানি সেনাবাহিনী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি কমান্ডারদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শত্রুর প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে সঠিক সময়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আমির হাতামি সাফ জানিয়ে দেন, স্থল আক্রমণের ক্ষেত্রে আক্রমণকারীদের প্রতি ‘কোনো ক্ষমা নেই’ নীতি অনুসরণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানি নাগরিকরা নিরাপত্তাহীনতায় থাকবে, ততক্ষণ কোনো এলাকা অরক্ষিত রাখা হবে না। যুদ্ধের ছায়া দূর করে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।

ভাষণে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক কিছু মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন ইরানের এই সেনাপ্রধান। তিনি বলেন, ইরানের পুনর্গঠন নিয়ে মার্কিন প্রশাসনের বেপরোয়া বক্তব্য মূলত দেশটির অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্রেরই অংশ। তবে জনগণের দৃঢ় সংকল্প ও সেনাবাহিনীর প্রস্তুতির সামনে শত্রুদের কোনো অসৎ উদ্দেশ্য সফল হবে না। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনী পূর্ণ শক্তি দিয়ে আগ্রাসনকারীদের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *