
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
“বিদায় নয়, এটি নতুন পথের শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ কুমার ঘোষ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের প্রতিটি ধাপই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আজকের এই বিদায় কোনো শেষ নয়, বরং ভবিষ্যতের নতুন স্বপ্ন ও সাফল্যের পথে যাত্রার সূচনা।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, এবং পৌরসভার সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধরে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
