বুধবার, ফেব্রুয়ারি ২৫

সুন্দরবন দিবসে পাইকগাছায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় সচেতনতা বাড়াতে সুন্দরবন দিবস–২৬ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ইয়ুথ ফর দি সুন্দরবন–এর পাইকগাছা উপজেলা শাখা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত কর্মসূচিতে ছিল সচেতনতামূলক প্রচারণা, পরিবেশবান্ধব উপকরণ বিতরণ, হ্যান্ড পেইন্টিং ও মানববন্ধন।

দিবসটি উপলক্ষে খুলনা–০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী–এর হাতে সুন্দরবন সুরক্ষার বার্তাসংবলিত পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেন সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সদস্য আঃ সামাদ। এ সময় বক্তারা বন রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

পরে সংগঠনের সদস্যরা হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরেন। উপজেলা চত্বর, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে কাপড়ের ফেস্টুন টানিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয় মুদি দোকানগুলোতে পলিথিনের বিকল্প হিসেবে হাতে তৈরি কাগজের ঠোঙ্গা বিতরণ করা হয়। পাশাপাশি লিফলেটের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণে এর ভূমিকা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় এর গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করা হয়।

উপজেলা পরিষদ গেটে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পরিবেশ ও অর্থনীতিতে সুন্দরবনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন উজাড়, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তরুণদের এই পরিবেশবান্ধব উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সবুজের অস্তিত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *