রবিবার, মার্চ ১৫

সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

|| স্পোর্টস ডেস্ক ||

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের দাপুটে জয়ে শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। আজকের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার টাইগার শিবিরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যর্থ হওয়ায় শেষ ম্যাচে জয় পেতে মরিয়া টিম ম্যানেজমেন্ট।

দলীয় সূত্রে জানা গেছে, সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিতে পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান প্রত্যাশিত সূচনা দিতে না পারায় আজ মাঠে ফিরতে পারেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেললেও এই সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা চিন্তা করে সাইফ হাসানের পরিবর্তে তাকে সুযোগ দেওয়া হতে পারে।

পেস বোলিং বিভাগেও রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। টানা খেলার ধকল সামলাতে একজন পেসারকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরানো হতে পারে শরিফুল ইসলামকে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানা বা মোস্তাফিজুর রহমানের মধ্যে যেকোনো একজনকে আজ সাইডলাইনে বসে থাকতে হতে পারে। তবে স্পিন বিভাগে যথারীতি আস্থার প্রতীক হিসেবে থাকছেন রিশাদ হোসেন।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন মিডল অর্ডারে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও আফিফ হোসেনদের ওপরই ভরসা রাখছে দল।

আজকের সম্ভাব্য একাদশে থাকতে পারেন-
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান বা শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *