
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিরাজগঞ্জে মোটরসাইকেল চালকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জেলা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ড বিতরণের ফলে এখন থেকে কেবল নিবন্ধিত ও বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেল চালকরাই ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্ড বিতরণের কাজ শুরু হলে জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত বাইকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক বাইকার মো. আসাদুল ইসলাম তার কাঙ্ক্ষিত ফুয়েল কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাইকারদের জন্য বহু কাঙ্ক্ষিত ‘ফুয়েল কার্ড’ পেলাম। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এখন থেকে পাম্পে তেল নেওয়ার সময় বিশৃঙ্খলা কমবে এবং আমরা যারা নিয়মিত চালক, তাদের জন্য তেল পাওয়া অনেক সহজ হবে।”
জেলা প্রশাসনের লোগো সম্বলিত এই ফুয়েল কার্ডে রয়েছে- বাইকারের নাম, ছবি, যানবাহনের ধরন (সিসি), রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বরসহ বিস্তারিত তথ্য। কার্ডের ভেতরে জ্বালানি তেল গ্রহণের তারিখ, পরিমাণ এবং মাইলেজ লিপিবদ্ধ করার জন্য আলাদা ছক রাখা হয়েছে, যা প্রতিটি ট্রানজেকশনে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে পূরণ করতে হবে।
কার্ডে দেওয়া সাধারণ নির্দেশনাবলীতে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন ভোর ৬টা হতে রাত ৮টা পর্যন্ত জেলার সকল ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময় ব্যতীত কোনো পাম্প থেকে তেল সরবরাহ করা যাবে না। এছাড়া বৈধ কাগজপত্র (লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন) বিহীন কোনো যানবাহনে তেল দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। লুজ বা খোলা ড্রাম ও প্লাস্টিক বোতলে তেল বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
