রবিবার, ফেব্রুয়ারি ১

সিরাজগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক যুবকের জামায়াতে যোগদান

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

সিরাজগঞ্জ পৌর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অর্ধশতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ আসর পৌর এলাকার তেলকুপি গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা এই যোগদানের ঘোষণা দেন।

উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফ, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মান্নান শেখ। এছাড়াও ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি শামসুল আলম তালুকদার ও বিশিষ্ট ব্যাংকার আবু কাওসার তালুকদারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই যোগদান অনুষ্ঠানে প্রায় দুই হাজার সাধারণ মানুষের সমাগম ঘটে, যার মধ্যে প্রায় পাঁচ শতাধিক নারী উপস্থিত ছিলেন। আগত সাধারণ মানুষ ও নবীন কর্মীরা আসন্ন নির্বাচনে ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার জন্য একমত পোষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদুল ইসলাম নবীন কর্মীদের আদর্শিক রাজনীতিতে স্বাগত জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *