মঙ্গলবার, জুন ২৩

সিঙ্গাইরে মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে শাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর (২১জুন) সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *