মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪

সাংবাদিকদের সম্মানে ইবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল

|| ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়ায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী ও দপ্তর সম্পাদক সাকিব আসলাম, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী বলেন, “এমন সুন্দর আয়োজনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। ইবি শাখা ছাত্রশিবির অনেক শিক্ষার্থীবান্ধব কাজ করে। আশা রাখছি, আগামীতেও তারা এমন শিক্ষার্থীবান্ধব কাজ অব্যাহত রাখবে। ইসলামী ছাত্রশিবিরের জন্য শুভকামনা থাকলো।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “জুলাই আন্দোলনে আমরা সাংবাদিকদের সাহসী ভূমিকা দেখেছি। বিশেষ করে ক্যাম্পাস সাংবাদিকরা এই আন্দোলনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন। গত নির্বাচনে জাতীয় মিডিয়াগুলো ঐক্যবদ্ধভাবে একটি নির্দিষ্ট ন্যারেটিভ দাঁড় করিয়ে একটি দলকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল, কিন্তু আমরা দেখেছি আপনারা (ক্যাম্পাস সাংবাদিকরা) কখনো পক্ষপাতদুষ্ট হননি।”

এসময় তিনি আরও বলেন, “হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘একজন মুমিন অন্য মুমিনের আয়না স্বরূপ।’ সুতরাং আশা করি সাংবাদিকবৃন্দ জাতির সামনে সেই আয়নার ভূমিকা পালন করবেন। যেসব সাংবাদিকবৃন্দ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, ইবি ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *