
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি কোরে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাবাহিনীর সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি দেশের সশস্ত্র বাহিনীর কৌশলগত সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
