রবিবার, জুন ২৮

সলঙ্গায় খেইশ্বর মাদ্রাসার ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় খেইশ্বর বায়তুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক আসহাবে বদরীনদের স্মরণে আজীবন দাতা সদস্যদের নিয়ে ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা, যা মুসলমানদের জন্য এক মহৎ শিক্ষা বহন করে। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং মহান আল্লাহর ওপর অবিচল ভরসা এবং ঈমানের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বদর দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, আল্লাহর পথে অবিচল থাকলে বিজয় নিশ্চিত।

মাদ্রাসার সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বদর সম্মেলনে অতিথি ও দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: শাহাদত হোসাইন, সহ-সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং পরিচালনা কমিটির সদস্য আল-মাহমুদ বিএসসি ও শাহআলম। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ অত্র এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এই বার্ষিক সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহাদত হোসাইন সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে দ্বীনপ্রিয় তাওহীদি জনতা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে দ্বীনি পরিবেশ তৈরি করেছেন, সেজন্য তিনি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *