শনিবার, মার্চ ৭

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে মর্যাদাপূর্ণ করতে চায় বিএনপি: সালাহউদ্দিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

জাতীয় সংসদের অতীত নেতিবাচক ধারা পরিহার করে একটি আধুনিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতের সংসদীয় অপসংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলাই আমাদের লক্ষ্য। আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদকে কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে নতুন সংসদ সদস্যদের সংবিধান, রুলস অব প্রসিডিউর এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্বের প্রভাবশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা ও কনভেনশন সম্পর্কেও তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নবীন প্রতিনিধিদের সম্পর্কে তিনি বলেন, প্রথমবার নির্বাচিতরা যেন একটি সুস্থ সংসদীয় সংস্কৃতিতে অভ্যস্ত হতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। যদি তাদের ভেতর আগে থেকে কোনো নেতিবাচক সংস্কৃতি না থাকে, তবে তারা এই নতুন ও ইতিবাচক শিক্ষা সহজেই গ্রহণ করতে পারবেন।

দুই দিনব্যাপী এই কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং প্রবীণ সংসদ সদস্যরা বিভিন্ন সেশনে দিকনির্দেশনা দিচ্ছেন। এতে সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কাজ এবং মন্ত্রণালয় পরিচালনার কৌশলগত ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে।

শনিবার সকালে অনুষ্ঠিত সেশনে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

জনপ্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ও দক্ষ করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *