
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর শান্তিনগরস্থ ইস্টার্ন প্লাস জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেছেন ইরানের আন্তর্জাতিক আল মোস্তফা ইউনিভার্সিটির বাংলাদেশ শাখার পরিচালক হুজ্জাতুল ইসলাম প্রফেসর সাহাবুদ্দীন মাশায়েখী রাদ।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে দীর্ঘক্ষণ বক্তব্য প্রদান করেন। জুমার নামাজ শেষেও মুসল্লিদের ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে তিনি ইসলামি চিন্তাধারা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য প্রশ্নের উত্তর দেন।

মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রুহুল আমিনের উপস্থিতিতে সম্মানিত মেহমানের মূল বক্তব্য বাংলায় অনুবাদ করে শোনান আল মোস্তফা ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার শিক্ষক জনাব ইউনুস গাজী। জুমার এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি জনাব সরোয়ার হোসেন ও সেক্রেটারি আলহাজ্ব আওলাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আলোকিত দৈনিক পত্রিকার সম্পাদক মো. ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক এফএম আলী হায়দার, আলোকিত দৈনিক-এর নির্বাহী সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিকসহ মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় প্রফেসর সাহাবুদ্দীন মাশায়েখী মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং নৈতিক সমাজ গঠনে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরানের অবস্থান তুলে ধরেন। মেহমানের জ্ঞানগর্ভ আলোচনা ও জুমার পরবর্তী প্রশ্নোত্তর পর্বে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো পরিবেশে এক আধ্যাত্মিক ও বৈপ্লবিক আবহ তৈরি করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
