
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ২২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ বেদিতে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় বিরোধীদলীয় নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
