Thursday, August 20

শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউআইটিএস

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)-এর ক্যাম্পাস প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওপেন গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে শরৎকালীন সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মকানুন, শৃঙ্খলা এবং শিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের সুযোগ-সুবিধার সঠিক ব্যবহারের পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মানসিকতা এবং নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ইউআইটিএস-এর আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া শিক্ষার্থীদের আইনের শাসন, নাগরিক দায়িত্ব এবং মানবাধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। অপর বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ সততা, অধ্যবসায় এবং সময়ানুবর্তিতার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান বলেন, প্রকৌশল ও বিজ্ঞান শিক্ষার ক্ষেত্র প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্যের পর নবাগত ও বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয় এবং সভাপতির সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেলের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *