
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে শুরুতেই বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ ভবনে প্রবেশ করেন। এসময় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বিএনপি। দলটির প্রার্থীরা মোট ২০৯টি আসনে জয়লাভ করেছেন। জোটগত ও একক ফলাফলের এই সমীকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া নবাগত দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এমপিরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
