রবিবার, ফেব্রুয়ারি ২২

রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন: জামায়াত আমির

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ মিনারে যান। এটিই প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের পুষ্পস্তবক অর্পণ।

শ্রদ্ধা নিবেদনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন।

শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, রাষ্ট্রীয় আচার পালন করা তাঁর দায়িত্বের অংশ। বিরোধীদলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসাটা তাঁর কর্তব্য বলেই তিনি মনে করেন।

তিনি আরও উল্লেখ করেন, বায়ান্নর ভাষা শহীদদের পাশাপাশি ১৯৪৭ থেকে শুরু করে একাত্তর, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের প্রতিও তাঁরা শ্রদ্ধাশীল। বিশেষ করে জুলাই বিপ্লবে যারা জাতির অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগকে তিনি গভীরভাবে স্মরণ করেন।

আরেক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ভাষা শহীদরা যে লক্ষ্য নিয়ে লড়াই করেছিলেন, সেই প্রত্যাশা আজও পুরোপুরি পূরণ হয়নি। সেই লক্ষ্য অর্জনে ফ্যাসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি মানবিক দেশ গঠনের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াত আমির বিরোধীদলীয় নেতাদের নিয়ে আজিমপুর কবরস্থানে যান এবং সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *