
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাজধানীর পল্লবীতে বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো সংগ্রহ করেছেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব ধরনের মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় এখন দ্রুততার সাথে মামলার অভিযোগপত্র বা চার্জশিট তৈরির কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবারই আদালতে এই মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি আবাসিক বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল রানা গত বুধবার আদালতে হাজির করা হলে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
।
