সোমবার, মার্চ ১৬

রাজশাহীর শাহমখদুমে অভিযান: পরিত্যক্ত বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল। সোমবার দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী কার্যক্রম, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বাণিজ্য, ছিনতাইসহ নানা অপরাধ দমনে সংস্থাটি সক্রিয় ভূমিকা পালন করছে।

এরই অংশ হিসেবে ১৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে র‍্যাব-৫ এর একটি বিশেষ দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি তৈরি রিভলভার (মেড ইন ইউএসএ) এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অস্ত্র ও গুলিগুলো ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অভিযান চলাকালে সেখানে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি, ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া অস্ত্র কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে।

অভিযান পরিচালনার সময় স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *