রবিবার, ফেব্রুয়ারি ১

রাজশাহীতে সাংবাদিকের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী গুরুতর আহত—বাসা থেকে উদ্ধার, তদন্তে পুলিশ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই সাংবাদিক নিজেও গুরুতর আহত অবস্থায় নিজ বাসায় পাওয়া যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নারীকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত নারীর নাম রওশন আরা (৫৫)। তাঁর স্বামী গোলাম কিবরিয়া কামাল (৬০), যিনি সাংবাদিক মহলে কামাল মালিক নামে পরিচিত। তিনি স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দম্পতি রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দেখা যায়, বাসার দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের মেঝেতে রওশন আরাকে পড়ে থাকতে দেখা যায়। আর বিছানায় গুরুতর আহত অবস্থায় ছিলেন সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই রওশন আরার মৃত্যু হয়েছে। তাঁর গলায় কাপড় প্যাঁচানো ছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে সাংবাদিক গোলাম কিবরিয়া কামালের হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি এক ধরনের রাসায়নিক দ্রব্য গ্রহণ করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দৈনিক রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব বলেন, ঘটনার সংবাদ পেয়ে পত্রিকার সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। সাংবাদিক কামাল মালিকের অবস্থা গুরুতর। তাঁর হাত ও পায়ে গভীর জখম রয়েছে। প্রয়োজনে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হতে পারে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ঘটনার পরপরই সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আলামত সংগ্রহসহ প্রাথমিক তদন্ত করেছে। বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ঘটনাটি ঘরের ভেতরেই সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি অনুযায়ী ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *